মাগুরায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রচারণায় সাংবাদিক বাছাই নিয়ে প্রশ্ন, সমালোচনার ঝড়

প্রকাশিত: 7:48 AM, June 24, 2026

মাগুরায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রচারণায় সাংবাদিক বাছাই নিয়ে প্রশ্ন, সমালোচনার ঝড়

মাগুরায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রচারণায় সাংবাদিক বাছাই নিয়ে প্রশ্ন, সমালোচনার ঝড়

মাগুরা থেকে মিজানুর রহমান:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে মাগুরায় অনুষ্ঠিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় সীমিত সংখ্যক সাংবাদিককে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনা,সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, মাগুরা সিভিল সার্জন কার্যালয় প্রেসক্লাবের সদস্যদের মধ্য থেকে মাত্র ১৫ জন এবং বাইরে থেকে যুগান্তর, প্রথম আলো ও বাসসের প্রতিনিধিসহ মোট ১৮ জন সাংবাদিককে নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করেছে। অথচ জেলায় কর্মরত আরও অনেক সংবাদকর্মী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সাংবাদিকদের একাংশের দাবি, জাতীয় গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচির প্রচার-প্রচারণা সর্বস্তরে পৌঁছে দিতে হলে সব গণমাধ্যমকর্মীকে সম্পৃক্ত করা প্রয়োজন ছিল। সীমিত সংখ্যক সাংবাদিককে আমন্ত্রণ জানানোর ফলে তথ্য প্রচারের ক্ষেত্র সংকুচিত হয়েছে এবং অনেক গণমাধ্যম বঞ্চিত হয়েছে।

তাদের মতে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মূল লক্ষ্য শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করা। কিন্তু প্রচারণার ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি হলে কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সরকারি জনস্বাস্থ্য কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিক নির্বাচন কোন নীতিমালার ভিত্তিতে করা হয়েছে এবং কেন জেলার অন্যান্য গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভায় অন্তর্ভুক্ত করা হয়নি।

এ বিষয়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ, এন কামরুল ইসলামের অভিমত, সরকারি সেবামূলক কর্মসূচির সফল বাস্তবায়নে সকল গণমাধ্যমকে সমান গুরুত্ব দেওয়া উচিত। এতে যেমন তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছাবে, তেমনি কোনো ধরনের বৈষম্য বা ভুল বোঝাবুঝিরও অবকাশ থাকবে না।

এ বিষয়ে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সাংবাদিক সমাজের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থসংশ্লিষ্ট কর্মসূচিতে সকল গণমাধ্যমকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ