ঢাকা ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫
চৌগাছায় অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহযোগিতা করলেন ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী
যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলার সাদিপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে ঘর নির্মাণের টিনসহ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) দুপুরে তিনি সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিপুর গ্রামের সন্যাশী বিশ্বাসের স্ত্রী শ্রীমতি কাজল রানী বিশ্বাসের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফলে পরিবারটি চরম মানবিক সংকটে পড়ে। ঘটনার খবর পেয়ে প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিনসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন এবং পরিবারের খোঁজখবর নেন।
এ সময় সাবিরা নাজমুল মুন্নী বলেন, “মানুষের দুঃসময়েই পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটির ঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে তাদের পাশে থাকবো।”
সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে কাজল রানী বিশ্বাস বলেন, “আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় আমরা নতুন করে বাঁচার সাহস পেলাম।”
স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
Design and developed by zahidit.com